গাজীপুর জেলা প্রতিনিধি: মোঃ নাসির উদ্দিন
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নবনির্বাচিত সভাপতি, অনুসন্ধানী সাংবাদিক মুহাম্মদ আবুল কাশেমকে নিজ জেলা কক্সবাজারের টেকনাফে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল রোববার (১৬ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন ও এলাকাবাসীর পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আবুল কাশেম একজন নির্ভীক অনুসন্ধানী সাংবাদিক। তিনি সব সময় অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তাঁর এই অর্জন পুরো এলাকা এবং টেকনাফের জন্য অত্যন্ত গর্বের। তিনি সব সময় এলাকার সাধারণ মানুষের পাশে ছিলেন।
সংবর্ধনা পেয়ে সাংবাদিক আবুল কাশেম আবেগাপ্লুত হয়ে বলেন, “এই সম্মান আমার মাতৃভূমির মানুষের। সাংবাদিকদের অধিকার এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় আমি সব সময় অঙ্গীকারবদ্ধ থাকব। আমি খুব সাধারণ পরিবারের সন্তান। আপনারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন, তা আমার আজীবন মনে থাকবে।” তিনি আরও বলেন, তিনি সব সময় তাঁর ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করবেন এবং অন্যায়ের বিরুদ্ধে তাঁর কলম থামবে না। তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করে ভবিষ্যতে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেন।