মোঃ কামাল হোসেন বিশেষ প্রতিনিধি
যশোরের অভয়নগরে একই সময়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল (বোমা) হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১ অক্টোবর) রাতে উপজেলার নওয়াপাড়া রেলস্টেশন বাজারে এই হামলার শিকার হয় মেসার্স বিশ্বাস ট্রেডিং এবং মেসার্স তরফদার ট্রেডিং নামের দুটি প্রতিষ্ঠান। এই ঘটনায় মেসার্স বিশ্বাস ট্রেডিংয়ের দুইজন কর্মচারী আহত হয়েছেন।
আহতরা হলেন,মোস্তাফিজুর রহমান মাসুম (২৮), মেসার্স বিশ্বাস ট্রেডিংয়ের ম্যানেজার। তিনি অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের বারান্দি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
শাওন (২৫), কম্পিউটার অপারেটর। তিনি নওয়াপাড়া গ্রামের তেতুঁলতলা এলাকার জয়নালের ছেলে।
আহত দুজনকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ছেড়ে দেয়।
মেসার্স বিশ্বাস ট্রেডিংয়ের মালিক জিয়াউর রহমান বিশ্বাস জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্বৃত্তরা তার প্রতিষ্ঠান লক্ষ্য করে পরপর দুটি বোমা নিক্ষেপ করে। এর মধ্যে একটি বোমা অফিসের জানালায় বিস্ফোরিত হয়, যার ফলে ম্যানেজার মাসুম ও অপারেটর শাওন আহত হন। অন্য বোমাটি অবিস্ফোরিত অবস্থায় অফিসের সামনে পড়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করে নিয়ে যায়।
অন্যদিকে, মেসার্স তরফদার ট্রেডার্সের মালিক মিল্টন তরফদার জানান, একই সময়ে অর্থাৎ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলে আসা অজ্ঞাতনামা হেলমেটধারী দুজন তার প্রতিষ্ঠান লক্ষ্য করে একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। বোমাটি অফিসের সামনে বিস্ফোরিত হওয়ায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে এই হামলার কারণ সম্পর্কে তিনি কোনো ধারণা দিতে পারেননি এবং কারো সঙ্গে তার কোনো শত্রুতা নেই বলেও জানিয়েছেন। পুলিশ তার প্রতিষ্ঠান থেকেও জালের কাঠিসহ আলামত উদ্ধার করেছে।
এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম রবিউল ইসলাম নিশ্চিত করেছেন যে এটি বোমা নয়, ককটেল বিস্ফোরণের ঘটনা। তিনি জানান, আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি বিস্ফোরিত ককটেল এবং একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।
ওসি আরও জানান, হামলাকারীদের শনাক্ত এবং আটকের জন্য পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সময়ে দুটি প্রতিষ্ঠানে হামলার ঘটনাটিকে গুরুত্ব সহকারে দেখছে পুলিশ এবং এর পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।