মোঃ নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুর-২ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করে সুশৃঙ্খল পরিবেশে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার বিকেলে তিনি গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেনের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
নির্বাচনী আইন অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে মাত্র পাঁচজন ব্যক্তি থাকার বিধান রয়েছে। সেই নিয়ম মেনেই মঞ্জুরুল করিম রনি পাঁচজন জ্যেষ্ঠ দলীয় নেতাকে সঙ্গে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করেন। আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করায় রিটার্নিং কর্মকর্তা তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে সকাল থেকেই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী জেলা প্রশাসকের কার্যালয় ও আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পূর্বে সাবেক মন্ত্রী ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নানের পুত্র মঞ্জুরুল করিম রনি স্থানীয় একটি ক্লাবে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিশেষ মোনাজাতে অংশ নেন।
মোনাজাত শেষে তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন। এ সময় বহু নেতাকর্মী তাঁকে প্রধান ফটক পর্যন্ত এগিয়ে দিলেও আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে তিনি মাত্র পাঁচজন দলীয় নেতাকে সঙ্গে নিয়ে ভেতরে প্রবেশ করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় রনির সঙ্গে উপস্থিত ছিলেন— মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মীর হালিমুজ্জামান ননী, প্রবীণ আইনজীবী সুলতান উদ্দিন, গাজীপুরের পিপি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস এবং বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন।