নজমুল হক স্টাফ রিপোর্টার গাজীপুর
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের পোস্ট-গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিকৃত প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। গত রবিবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় অনলাইন প্ল্যাটফর্মে এই ‘ওরিয়েন্টেশন-২০২৫’ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। উক্ত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। উপাচার্য তাঁর বক্তব্যে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে স্বাগতম জানিয়ে বলেন, ‘গবেষণা, উদ্ভাবন এবং প্রকৌশল শিক্ষায় ডুয়েট ইতোমধ্যেই দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি লাভ করেছে। গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে ডুয়েট আরও এগিয়ে যাবে এবং ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বিশ্বে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় ও সমৃদ্ধ করবে এবং নেতৃত্ব প্রদানে ভূমিকা পালন করবে।’ তিনি নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আরও উল্লেখ করেন, প্রকৌশল শিক্ষায় একাডেমিক জ্ঞানের পাশাপাশি গবেষণা, প্রকাশনা এবং আন্তর্জাতিক সহযোগিতা শক্ত ভিত্তি তৈরি করে। এসব ক্ষেত্রে ডুয়েট ধারাবাহিকভাবে অগ্রসর হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা আরও শক্তিশালী হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় তিনি প্রকৌশল ও প্রযুক্তিগত শিক্ষা এবং গবেষণা ও প্রকাশনায় ডুয়েটকে এগিয়ে নিয়ে যেতে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধই প্রকৃত অর্থে একজন শিক্ষার্থীকে জ্ঞানচর্চায় এবং জীবনের বাস্তব ক্ষেত্রে সমৃদ্ধ করে। শেখার পরিসর শুধু শ্রেণিকক্ষেই সীমাবদ্ধ নয়; গবেষণাগার, প্রকল্প, কোলাবোরেশন ও আলোচনার মধ্য দিয়েই তৈরি হয় প্রকৃত প্রকৌশল জ্ঞান। ডুয়েট সেই সুযোগ তৈরিতে সদা প্রস্তুত।’অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামাল-আল-হাসান এবং যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা. আবু তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডুয়েটের পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদের। তিনি পোস্ট-গ্রাজুয়েট প্রোগ্রামের নিয়ম-কানুন উপস্থাপন করেন। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ডুয়েটের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের পোস্ট-গ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম সেমিস্টারে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। সবশেষে অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রোগ্রামে যুক্ত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধানবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, কোর্স কো-অর্ডিনেটর এবং শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।