শ্রীপুর প্রতিনিধি:
# হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে মাহমুদ নামে এক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করা হয়।এর আগে বাড়ির পাশ থেকে অচেতন অবস্থায় পৌরসভার সবুজবাগ এলাকার একটি বনের ভেতর থেকে ওই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। হাসপাতালে ভর্তির ঘণ্টা দুয়েক পর তার মৃত্যু হয়। এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পরদিন খেকে নিখোঁজ ছিলো সে।অচেতন অবস্থায় ভর্তি হওয়া ওই শিক্ষার্থীর মৃত্যুর কারণ জানাতে পারেননি কর্তব্যরত চিকিৎসক। তবে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে চেতনানাশক খাওয়ার ফলে মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন স্বজনরা।
নিহত মাহমুদ হাসান স্থানীয় ফাউগান উচ্চ বিদ্যালয় থেকে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় অংগ্রহণ করে অকৃতকার্য হয়। সে উপজেলার ফাউগান গ্রামের আজিজুল বেপরীর ছেলে।
স্বজনরা জানান, গত রোববার এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় অকৃতকার্য হয়ে সে চেতনানাশক খেয়ে আত্মহত্যা করতে পারে। সোমবার সকাল মাহমুদ বাড়ি থেকে স্বাভাবিকভাবে বের হয়। রাত হলেও সে বাড়ি আসেনি। এরপর নিকট আত্মীয়, প্রতিবেশী ও তার বন্ধুবান্ধবদের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাইনি। মঙ্গলবার সকালে থানায় জিডি করতে প্রস্তুতি নেই। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মৃত্যুর বিষয়টি জানতে পেরে দ্রুত হাসপাতালে এসে মরদেহ দেখতে পায়। আমরা ধারণা করছি, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে অভিমান করে সে কোনো কিছু সেবন করে মারা গেছে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জারিন রাফা বলেন , মঙ্গলবার সকালে মাহমুদ হাসান নামে এক কিশোরকে অজ্ঞান অবস্থায় তাজউদ্দিন নামের এক ব্যক্তি হাসপাতালে নিয়ে আসে। এরপর চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে কিছু বলা যাচ্ছে না।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।