মোক্তার হোসেন,কয়রা (খুলনা )প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলায় বেড়িবাঁধ কেটে বা ছিদ্র করে লবণ পানি তোলার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে মহারাজপুর ইউনিয়নের ১৩-১৪/২ পোল্ডারের হোগলা বাজার থেকে দশহালিয়া পর্যন্ত এলাকায় বিশেষ অভিযানে ১১টি অবৈধ পাইপ অপসারণ করা হয়।
পাউবো সূত্রে জানা গেছে, কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান বেড়িবাঁধ কেটে বা ছিদ্র করে নদীর লবণ পানি ঘেরে প্রবাহিত করছিল। এতে বেড়িবাঁধ দুর্বল হয়ে ভাঙনের ঝুঁকি বাড়ছে, পাশাপাশি স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।
অভিযানে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী মো. সুলাইমান হোসেন বলেন, “বাঁধ কেটে পাইপ বসিয়ে লবণ পানি উত্তোলন সম্পূর্ণ অবৈধ। এটি শুধু বাঁধ নয়, হাজারো মানুষের জীবনের জন্যও হুমকি।” তিনি আরও জানান, অবৈধ পানি উত্তোলনকারীদের তালিকা তৈরি করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাউবো জানিয়েছে, বাঁধের নিরাপত্তা রক্ষায় নিয়মিত নজরদারি ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।