স্টাফ রিপোর্টার গাজীপুর
গাজীপুরের কাপাসিয়ায় সাবেক কৃষক দল নেতা হেলাল উদ্দিন (৫৫) হত্যার মূলহোতা জাহিদ হাসান (২২) গ্রেফতার করেছে র্যাব। হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যে র্যাব-১ এবং র্যাব-৮ এর একটি যৌথ দল শরীয়তপুর জেলার জাজিরা এলাকা থেকে তাকে আটক করে।
ঘটনা সূত্রে জানা যায় যে গত ৩১ জানুয়ারি আনুমানিক রাত ৮ টা ১৫ মিনিটে কাপাসিয়া উপজেলার কোটবাজালিয়া এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।হেলাল উদ্দিন, কাপাসিয়া উপজেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক। কোটালিবাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার সময় মাহবুব আলমের লিচু বাগানের সামনে পূর্ব থেকে ওত পেতে থাকা জাহিদ হাসান ও তার ৩-৪ জন সহযোগী হেলালের পথরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি মারধর শুরু করে।পূর্ব শত্রুতার জের ধরে প্রধান আসামি জাহিদ হাসানের হাতে থাকা শাবল দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথার পেছনে এবং কানের নিচে সজোরে আঘাত করলে হেলাল উদ্দিন মাটিতে লুটিয়ে পড়ে।
ভিকটিমের স্ত্রী রোজিফা খাতুন ও স্থানীয় লোকজন হেলালকে উদ্ধার করে, স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় অবস্থার অবনতি হলে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। গত ১ ফেব্রুয়ারি রাত ২টায় কর্তব্যরত চিকিৎসক হেলালকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০১)। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র্যাব ছায়া তদন্ত শুরু করেন এবং প্রধান আসামিকে ২৪ ঘন্টার মধ্যে গ্ৰেফতার করেন।
র্যাব জানায়, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি জাহিদ হাসানকে শরীয়তপুরের জাজিরা এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় গ্ৰেফতার করা হয়েছে।এ সময় আসামির নিকট থেকে ১টি চাকু ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব জানায় জাহিদ হাসানকে কাপাসিয়া থানায় হস্তান্তর করা হয়েছে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য।মামলার অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।