মো. নাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড় দিন ব্যাপক উৎসাহ উদ্ধিপনার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) যীশু খ্রিষ্টের জন্ম দিন। এ দিনে খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ শুভ বড়দিন হিসেবে উদযাপন করে থাকে। উপজেলার তুমলিয়া ও নগরী ইউনিয়নে খ্রিস্টান সম্প্রদায়ের বসবাস। শুভ বড় দিন উপলক্ষে খ্রিষ্টান পল্লীতে উৎসবের আবহ সৃষ্টি হয়েছে। বর্ণিল সাজে সেজেছে খ্রিষ্টান বাড়িগুলো। ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে। বড়দিনের তারা জ্বলছে খ্রিষ্টান পল্লীর বাড়িতে বাড়িতে।
দিনটি উপলক্ষে সেন্ট নিকোলাস গির্জায় কেক নিয়ে উপস্থিত হন গাজীপুরের জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার মোহাম্মদ আলম হোসেন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) জাকিয়া সরওয়ার লিমা, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, ফাদার জুয়েল, নাগরী প্যারিসের ভাইস চেয়ারম্যান অনিল গমেজসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দ।
জেলা প্রশাসক গির্জা প্রাঙ্গণে উপস্থিত খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং বড়দিন উদ্যাপন উপলক্ষে গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
সে সময় ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি প্রশাসনের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। একই সঙ্গে বড়দিনের ধর্মীয় উৎসব যেন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে উদ্যাপিত হয়—সে লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।