মো. নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালীগঞ্জ, পুবাইল ও বাড়ীয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলন তরুণ প্রজন্মের সঙ্গে মতবিনিময় করেছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে কালীগঞ্জ উপজেলার বালীগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে ‘তরুণ প্রজন্মের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’—এই স্লোগানে আয়োজিত সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, উদ্যোক্তা ও তরুণ সমাজকর্মীরা বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে একেএম ফজলুল হক মিলন বলেন, অতীতে তাঁর ও তাঁর পরিবারের ওপর হওয়া হামলা-মামলা তিনি ক্ষমা করে দিয়েছেন। নির্বাচিত হলে কালীগঞ্জে শান্তি প্রতিষ্ঠা, পরিবেশ উন্নয়ন, শিক্ষা ও চিকিৎসা সেবার মানোন্নয়নে কাজ করবেন। তিনি কালীগঞ্জকে একটি আধুনিক ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপজেলা ও জেলা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।