নজমুল হক স্টাফ রিপোর্টার গাজীপুর
উচ্চশিক্ষার অধিকারসহ ৮ দফা দাবিতে গাজীপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। মঙ্গলবার ২৩ ডিসেম্বর দুপুরে গাজীপুরের সালনা এলাকায় এই ব্লকেড কর্মসূচি পালন করেন তারা।
বিক্ষোভকারীরা জানান, ডিপ্লোমা কৃষি শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়ে আসছেন। দ্রুত এই বৈষম্য দূর করে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে দক্ষ শিক্ষক নিয়োগ, চাকরিতে দশম গ্রেড বাস্তবায়ন এবং প্রতিবছর ধারাবাহিক নিয়োগের ব্যবস্থাসহ মোট আটটি দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। শিক্ষার্থীদের দাবিগুলো হলো , ডিপ্লোমা কৃষিবিদদের জন্য পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ নিশ্চিত করা, উপসহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেটভুক্ত করে প্রজ্ঞাপন জারি এবং প্রতি বছর নিয়মিত নিয়োগ নিশ্চিত করা, কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সংকট নিরসন, কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডিএই-এর অধীনতা থেকে বের করে কৃষি মন্ত্রণালয়ের অধীনে স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা, সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষণ, বেসরকারি খাতে ডিপ্লোমা কৃষিবিদদের জন্য ন্যূনতম ১০ম গ্রেডের পে-স্কেল নির্ধারণ, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মাঠ সংযুক্তি ভাতা প্রদান এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে যোগদানের পর ৬ মাসের ফাউন্ডেশন প্রশিক্ষনের ব্যবস্থা। বিক্ষোভের কারণে প্রায় এক ঘণ্টা ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে সদর থানা পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। দাবি-দাওয়াগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেয়। শিক্ষার্থীরা জানান, দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।