মোঃ নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরে অগ্নিকাণ্ডে ৩টি বাড়ির ৫৭টি কক্ষ পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত ১১টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় ১ ঘণ্টার ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহানগরীর কোনাবাড়ী থানা এলাকার এমএম গার্মেন্টসের বিপরীত পাশে শহিদ কাজী, মেরাজ ও খুশি বেগমের টিনশেড বাসায় আগুনের সূত্রপাত ঘটে। পরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে ১ ঘণ্টার ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
জানানো হয়েছে, এ অগ্নিকাণ্ডে হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে, ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ওই ৩টি বাড়ির ৫৭টি কক্ষের সকল আসবাবপত্র পুড়ে যায়।