মো: জুয়েল রানা গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরের কোনাবাড়ির জরুন এলাকায় একটি টিনশেড আবাসিক কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ বিকেলে এই অগ্নিকাণ্ড ঘটে।
অগ্নিকাণ্ডের ঘটনাটি বুধবার বিকেল ৫টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ি জরুন এলাকার রুমেল পাঠানের কলোনিতে ঘটে।প্রাথমিকভাবে একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয় এবং পরে তা দ্রুত অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে।
টিনশেডের শতাধিক ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এসব ঘরের বেশিরভাগ ভাড়াটিয়া ছিলেন পোশাক শ্রমিক এবং খেটে খাওয়া মানুষ।ঘটনার সময় অনেক শ্রমিক কারখানায় থাকায় তাদের ঘরের কোনো মালামাল বের করা সম্ভব হয়নি। এতে বহু পরিবার সর্বস্ব হারিয়েছে।
খবর পেয়ে কোনাবাড়ি এবং সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।