এস এম জহিরুল ইসলাম, গাজীপুর
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের তালতলী (গজারচালা) এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে তেলিহাটি ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইসমাইল হোসেনের নিজ বাড়িতে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন,“বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী নন, তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছেন। আমরা বিশ্বাস করি, আল্লাহর রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের মানুষের পাশে দাঁড়াতে পারবেন। দেশের বর্তমান সংকটময় সময়ে তাঁর সুস্থতা ও নেতৃত্ব জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন,“বিএনপি সব সময় শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাসী। আমাদের এই দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে আমরা মহান আল্লাহর কাছে দেশনেত্রীর সুস্থতা কামনা করছি এবং একই সঙ্গে দেশের মানুষের মুক্তি ও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার জন্য দোয়া করছি।”
দোয়া ও মিলাদ মাহফিলে উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় খালেদা জিয়ার দীর্ঘায়ু ও রোগমুক্তির পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, দোয়া ও মিলাদ মাহফিল উপলক্ষে এলাকার কয়েক শতাধিক মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়, যা উপস্থিত সাধারণ মানুষের মধ্যে প্রশংসিত হয়েছে।