মোঃ নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে যুক্ত গণভোট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী বিষয়। গণভোটের মাধ্যমে গৃহীত সিদ্ধান্তের প্রভাব দীর্ঘমেয়াদি হওয়ায় এর গুরুত্ব অনুধাবন করে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
তিনি বলেন, “জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা পাঁচ বছরের জন্য জনপ্রতিনিধি নির্বাচন করি। কিন্তু গণভোটের মাধ্যমে যে সিদ্ধান্ত গৃহীত হবে, তা দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণ করবে। ফলে গণভোট বিষয়ে জনগণের সঠিক ধারণা থাকা প্রয়োজন।” এ লক্ষ্যে গণভোটের গুরুত্ব জনগণের কাছে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটোরিয়াম হলে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬’ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন।
বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ আলম হোসেন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জনগণের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “গণভোট অনেকের জন্যই একটি নতুন বিষয়। তাই সরকার ও নির্বাচন কমিশন জনগণের কাছে বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরতে বিভিন্ন নির্দেশনা ও উদ্যোগ গ্রহণ করেছে।”
তিনি সকল প্রার্থীর প্রতি নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়ে বলেন, গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে আচরণবিধি মনিটরিংয়ের জন্য ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। আচরণবিধি লঙ্ঘনের কোনো ঘটনা সাংবাদিকদের নজরে এলে তা দ্রুত প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।