সাবিনা সিদ্দিকী শিবা।
সবুজ শ্যামল ধানের ক্ষেতে
ঢেউয়ে করে খেলা,
মেঘলাকাশে মেঘগুলো তার
ভাসায় মেঘের ভেলা।
শীতসকালে দুর্বাঘাসে
শিশিরগুলো হাসে,
খোঁয়ার ছেড়ে হাঁসগুলো সব
ঠান্ডা জলে ভাসে।
শাণবাঁধানো দীঘির জলে
পদ্মফুলে ভরা—
আঁধার কেটে ওঠে রবি
রাঙা করে ধরা।
আলতা পায়ে গাঁয়ের বঁধু
জল আনিতে যায়,
ঝুমুরঝুমুর ছন্দতালে
রাঙা দু’টি পায়।
কোমর বাঁধা রূপার বিছায়
কাঁচের চুড়ি হাতে,
খলখলিয়ে গাঁয়ের বধু
বলছে সইয়ের সাথে।
দোলা দিয়ে শীতল হাওয়ায়
স্নিগ্ধ গাছের ছায়ায়,
জরিয়ে আছে সবার মাঝে
মনভুলানো মায়ায়।