শিমুল মিয়া, গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় প্রস্তাবিত “গাইবান্ধা পলিটেকনিক ইনস্টিটিউট” পূর্বনির্ধারিত খোলাহাটী ইউনিয়নের টিটিসি সংলগ্ন এলাকায় স্থাপনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ সোমবার সকালে খোলাহাটী ইউনিয়নের কদমতলা মোড়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপিও দেওয়া হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, টিটিসি সংলগ্ন এলাকায় এই ইনস্টিটিউট স্থাপন করা হলে গাইবান্ধার শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার সুযোগ বৃদ্ধি পাবে। এতে কর্মসংস্থানের নতুন দুয়ারও উন্মোচিত হবে। তারা আরও বলেন, যেহেতু এটি টিটিসি’র পাশেই, তাই শিক্ষার্থীরা সহজেই সব ট্রেডে ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ পাবে।
বক্তারা দ্রুত পূর্বনির্ধারিত স্থানেই “গাইবান্ধা পলিটেকনিক ইনস্টিটিউট” স্থাপনের কার্যক্রম শুরু করার জোর দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শিক্ষার প্রসার ও এলাকার উন্নয়নের স্বার্থে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা সময়ের দাবি। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধনে বক্তব্য দেন খোলাহাটি’র সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ, গাইবান্ধা সদর যুবদলের আহ্বায়ক ইউনুস আলী খান দুখু, গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সহ-সভাপতি তৌহিদুল ইসলাম মিলন, পরিচালক আলী কায়সার বাবুল, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার্স ফোরাম জেলা সাধারণ সম্পাদক ইঞ্জি. আমজাদ হোসেন, খোলাহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামালসহ আরও অনেকে।