মোঃ শিমুল মিয়া গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জাতীয় ফল মেলা ২০২৫ উপলক্ষে বৃহস্পতিবার দুপুর থেকে তিনদিনের ফল মেলা শুরু হয়েছে। প্রতিষ্ঠান চত্বরে স্থাপিত স্টলে জেলার ফল চাষীদের উৎপাদিত শতাধিক বিভিন্ন ধরণের দেশী বিদেশী ফল স্থান পেয়েছে। প্রথম দিন স্টল এবং বিষয়ভিত্তিক আলোচনায় সরকারি কর্মকর্তা ও কৃষি শিক্ষার্থীরা অংশ নেন। ফল মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার।
প্রতিষ্ঠানের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. খোরশেদ আলমের সভাপতিত্বে ‘দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই‘ এই প্রতিপাদ্য বিষয়ে ভিজ্যুয়াল তথ্য উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. রোস্তম আলী। আলোচনায় শিক্ষার্থী ছাড়াও অংশ নেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আব্দুর রাশেদ, জেলা বীজ প্রত্যয়ণ অফিসার মো. কামরুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তরুণ কুমার দত্ত প্রমুখ।
বক্তারা ফলের গুণাগুণ ব্যাখ্যা করে কিশোর, তরুণদের ফাস্টফুডের বদলে নিয়মিত ফল খাওয়ার আহবান জানান। তারা বলেন, সারা বছর নানা জাতের ফল উৎপাদিত হচ্ছে যা কৃষকদের লাভবান করার পাশাপাশি মানুষের দৈহিক পুষ্টি চাহিদাও পুরণ করে থাকে। এই মেলা আগামী শনিবার শেষ হবে।