মোঃ নাজমুল হাসান নাজির:
গাইবান্ধার সাদুল্লাপুরের সরকারি কলেজের পাশের ঘাঘট নদীর বাধের নিচ থেকে এক ব্যক্তির জবাই করা মৃতদেহ উদ্ধার করেছে সাদুল্লাপুর থানার পুলিশ। নিহত ব্যক্তি উপজেলার কামার পড়া ইউনিয়নের পুরানলক্ষীপুর গ্রামের মৃত খয়বর প্রামাণিকের ছেলে সুরত আলী প্রামাণিক।শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে পেটে ও গলায় আঘাত করে হত্যা করে লাশ নদীর বাধের নিচের রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়।
এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে একটি চাকু উদ্ধার করেছে। এ ব্যাপারে সাদুল্লাপুর থানা তদন্ত ওসি এনায়েত কবির জানান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে।