গাইবান্ধা প্রতিনিধি মোঃ শিমুল মিয়া
গাইবান্ধা সরকারি কলেজের দর্শন বিভাগের উদ্যোগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায়, দর্শন বিভাগের সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সুলতান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রশিদ এবং শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মোঃ মাসুদুর রহমান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান জনাবা আছিনা আখতার বেগম চৌধুরী।
প্রধান অতিথি প্রফেসর মোঃসুলতান মাহমুদ বলেন, “শিক্ষার্থীরাই একটি জাতির ভবিষ্যৎ। শুধু শিক্ষায় নয়, নৈতিকতা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে সমাজ গঠনে অবদান রাখতে হবে। দর্শন সেই আলোকিত হওয়ার পথ দেখায়।”
বিশেষ অতিথি প্রফেসর মোঃ আব্দুর রশিদ বলেন, নতুন প্রজন্মই সমাজকে এগিয়ে নিয়ে যাবে। তাই প্রতিটি শিক্ষার্থীকে নিয়মিত পড়াশোনা করে সৎ ও সৃজনশীল মানুষ হয়ে উঠতে হবে এবং পাঠ্যপুস্তক বইয়ে মনোযোগ দিতে হবে।
শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মোঃ মাসুদুর রহমান বলেন, “দর্শন বিভাগ মুক্তচিন্তা ও মানবিকতার চর্চায় সবসময় অগ্রণী ভূমিকা রাখে। নবীন শিক্ষার্থীরা সেই ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে।
সভাপতির বক্তব্যে জনাবা আনিছা আখতার বেগম চৌধুরী বলেন, “দর্শন মানুষের চিন্তা, চেতনা ও মূল্যবোধ গঠনের অন্যতম প্রধান ভিত্তি। আশা করি শিক্ষার্থীরা দর্শনের আলোয় নিজেদের জীবন গড়ে তুলবে এবং সমাজে মানবিকতার বার্তা ছড়িয়ে দেবে।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে বিভাগীয় শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত সকলকে আনন্দিত করে।