নজমুল হক স্টাফ রিপোর্টার গাজীপুর
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) স্বেচ্ছায় রক্তদান ও মানবিক সেবায় নিবেদিত সংগঠন বাঁধন, গাকৃবি ইউনিটের আয়োজনে বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান ২০২৫ ২১ ডিসেম্বর রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। মানবিকতা, স্বেচ্ছাসেবকতা ও দায়বদ্ধতার অনন্য মিলনমেলায় পরিণত হয় এ আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ এবং পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁধন, গাকৃবি ইউনিটের সভাপতি মোঃ তোফায়েল আহমেদ।
অনুষ্ঠানের শুরুতেই উপাচার্য ২০২৬ সালের বাঁধন, গাকৃবি ইউনিটের কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী মোঃ শহীদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে আল মোতাব্বির রহমান নিযুক্ত হন। পরে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপাচার্যসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হলে নবীন নেতৃত্ব তাদের অনুভূতি ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে সর্বাধিক রক্ত সংগ্রাহক হিসেবে স্মারক শুভেচ্ছা গ্রহণ করেন মোঃ তোফায়েল আহমেদ এবং অনলাইন পোস্টার প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের জন্য আফিয়া ইবনাত তিহাকে সম্মাননা প্রদান করা হয়। শুভেচ্ছা বক্তব্যে ড. মোহাম্মদ শরীফ রায়হান বাঁধনের মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। পরে প্রো-ভিসি, ট্রেজারার শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য শহিদ শরীফ ওসমান বিন হাদীর আত্মত্যাগের প্রসঙ্গ তুলে ধরে বলেন, “দেশের জন্য যেমন শহিদরা জীবন উৎসর্গ করেছেন, তেমনি বাঁধনের কর্মীরাও রক্ত ও সময় দানের মাধ্যমে অসংখ্য মুমূর্ষু মানুষের জীবন রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন যা অত্যন্ত প্রশংসনীয় ও অনুকরণীয়।” তিনি গাকৃবিকে মানবসেবার মাধ্যমে বিশ্বব্যাপী মানবিক মূল্যবোধের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন। উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে গাকৃবিতে বাঁধনের কার্যক্রম শুরু হয়। মাত্র এক বছরের মধ্যে ২০২৫ সালে সংগঠনটির কর্মীরা ১৬৮ ব্যাগ রক্ত সংগ্রহ এবং ৬৪৫ জনকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে এক অতুলনীয় মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে।