নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর
শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের বাস্তব জীবনের জন্য প্রস্তুত করার লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার, ১৭ সেপ্টেম্বর, “প্রয়োজনভিত্তিক মূল্যায়নের ওপর ভিত্তি করে আউটকাম ভিত্তিক শিক্ষা (Outcome Based Education OBE) পাঠ্যক্রম উন্নয়ন” শীর্ষক এই কর্মশালার আয়োজন করা হয়।
এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের শেখার ফলাফলকে বাস্তব জীবনের চাহিদার সঙ্গে যুক্ত করা। একই সঙ্গে, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের নির্দেশনা অনুযায়ী নতুন পাঠ্যক্রম তৈরি ও পুরোনো পাঠ্যক্রমগুলো সময়োপযোগী করে সাজানো।
অনুষ্ঠানে গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ।
কর্মশালায় বিভিন্ন অনুষদের শিক্ষক এবং প্রোগ্রাম সেল্ফ অ্যাসেসমেন্ট কমিটি ও নিড বেইজড অ্যাসেসমেন্ট কমিটির সদস্যরা অংশ নেন। প্রশিক্ষণে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির।
গাকৃবির ভাইস-চ্যান্সেলর তাঁর বক্তব্যে বলেন, “আমাদের শিক্ষার্থীরা শুধু ডিগ্রি নিয়েই নয়, বরং প্রকৃত দক্ষতা ও সক্ষমতা নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বের হবে—এই লক্ষ্যেই আমাদের প্রতিটি পাঠ্যক্রম সাজাতে হবে।” তিনি আরও বলেন, “গুণগত শিক্ষা নিশ্চিত করতে হলে পাঠ্যক্রমে সময়োপযোগী পরিবর্তন আনতে হবে। এর মাধ্যমে গাকৃবি ওবিই বাস্তবায়নে দেশের একটি অগ্রগামী প্রতিষ্ঠানে পরিণত হবে।”
প্রশিক্ষণে নিড বেজড অ্যাসেসমেন্ট কমিটির আহ্বায়ক প্রফেসর ড. এম. ময়নুল হক ওবিই পদ্ধতির গুরুত্ব ও প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে ফিশারিজ অনুষদের শিক্ষক প্রফেসর ড. দিনেশ চন্দ্র সাহা এই পদ্ধতির কাঠামো ও বাস্তবায়ন নিয়ে একটি উপস্থাপনা দেন।
প্রশিক্ষণের শেষে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষকেরা তাঁদের মূল্যবান মতামত দেন। জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির তাঁর বক্তব্যে সমুদ্র অর্থনীতি এবং দেশের উপকূলীয় অঞ্চলের বিশাল সম্পদকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার বাস্তবভিত্তিক পরামর্শ দেন।
সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার সফল সমাপ্তি ঘটে।