নজমুল হক, স্টাফ রিপোর্টারঃ
পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) এবং স্ট্যান্ডার্ড ফিনিস অয়েল কোং এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মূল উদ্দেশ্য কৃষি খাতে উদ্ভাবনী গবেষণা, টেকসই কৃষি পণ্য ও প্রযুক্তির ব্যবহার এবং শিল্প-শিক্ষা সহযোগিতা বাড়ানো। কৃষিক্ষেত্রে সমৃদ্ধি আনয়নের লক্ষ্যে স্বাক্ষরিত হওয়া চুক্তিটি বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভাকক্ষে সম্পন্ন হয়েছে। এ চুক্তির আওতায় থাকবে কৃষি গবেষণায় যৌথ উদ্যোগ, শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ সুযোগ, উন্নত কৃষি যন্ত্রপাতি এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি নিয়ে কাজ এবং টেকসই কৃষি ব্যবসা মডেল উন্নয়নে সমন্বিত উদ্যোগ। এ চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, স্ট্যান্ডার্ড ফিনিস অয়েল কোং এর ম্যানেজিং পার্টনার আদিবা সোলায়মান আজানি। এ সময় আরো উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ফিনিস অয়েল কোং এর চেয়ারম্যান নূর জাহান আদিবা আজানিসহ কোম্পানীর অন্যান্য সদস্যবৃন্দ এবং গাকৃবির বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালক, সিনিয়র শিক্ষকবৃন্দ এবং রেজিস্ট্রার। চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানের আলোচনায় স্ট্যান্ডার্ড ফিনিস অয়েল কোং এর চেয়ারম্যান বলেন, “আমরা কৃষি প্রযুক্তি ও উদ্ভাবনী পণ্যের মাধ্যমে কৃষকদের জীবনমান উন্নয়নে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ আর এই অংশীদারিত্ব সেই পথকে আরও সুদৃঢ় করবে।” অন্যদিকে অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “এই সমঝোতা চুক্তি শুধু শিক্ষার্থী ও গবেষকদের জন্য নতুন সুযোগের দ্বার উন্মোচন করবে না, বরং দেশের কৃষি অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।” উপাচার্য আরো বলেন, আমি স্ট্যান্ডার্ড ফিনিস অয়েল কোং এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা এই উদ্যোগে অংশগ্রহণ করে আমাদের সঙ্গে এগিয়ে আসার আগ্রহ দেখিয়েছেন। আমরা তাদের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলার প্রত্যাশা করছি, যা ভবিষ্যতের জন্য একটি অনুকরণীয় মডেল হতে পারে। চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানের সভাপতি পরিচালক (আন্তর্জাতিক বিষয়ক) প্রফেসর ড. মোঃ আমজাদ হোসেন এর সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। উল্লেখ্য, স্ট্যান্ডার্ড ফিনিস অয়েল কোং একটি উদ্ভাবনভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান যা কৃষি প্রযুক্তি, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ এবং টেকসই কৃষি উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে। ১৯৫০ সালে প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে উন্নত কৃষিজ ও অন্যান্য পণ্যের গবেষণাভিত্তিক সমাধান সরবরাহ করে আসছে।