মোঃ নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুর মহানগরীর জয়দেবপুরে কেন্দ্রীয় শ্রী শ্রী কৃপাময়ী কালী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দল-মত নির্বিশেষে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি। তিনি সাবেক প্রতিমন্ত্রী ও গাজীপুরের সাবেক মেয়র অধ্যাপক এম. এ. মান্নানের পুত্র।
রনি মন্দির প্রাঙ্গণে পৌঁছালে সনাতন ধর্মাবলম্বীরা প্রথা অনুযায়ী ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন। কেন্দ্রীয় কৃপাময়ী শ্রী শ্রী কালী মন্দিরের সভাপতি শ্যামল চন্দ্র পালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাপ্পী দে’র সঞ্চালনায় সভায় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য দেন ডা. গোপাল দাস, মন্দিরের সহ-সভাপতি অখিল চন্দ্র পাল, যুগ্ম সম্পাদক রাজমনি শাহ রাজু, পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব দেবব্রত সরকার রিপনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, অধ্যাপক এম. এ. মান্নান মেয়র ও প্রতিমন্ত্রী থাকাকালে মসজিদ-মাদ্রাসার পাশাপাশি বহু মন্দিরের উন্নয়ন ও সংস্কার কাজ করেছেন। সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণ ও নিরাপত্তায় তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। তারই ধারাবাহিকতায় তার পুত্র এম. মঞ্জুরুল করিম রনিকে সমর্থন দেওয়ার আহ্বান জানান তারা।
সভা শেষে উপস্থিতদের অংশগ্রহণে একটি মিছিল বের করা হয়। এ সময় স্লোগান দেওয়া হয়— “১২ ফেব্রুয়ারির নির্বাচনে, দল-মত নির্বিশেষে— ভোট দেব ধানের শীষে।”
প্রধান অতিথির বক্তব্যে এম. মঞ্জুরুল করিম রনি বলেন, “আমার পিতা আপনাদের ভোটে দেশের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে এমপি হয়েছিলেন এবং পরে প্রতিমন্ত্রী ও মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সব শ্রেণি-পেশার মানুষের উন্নয়নে কাজ করেছেন। আমি তার অসমাপ্ত কাজ বাস্তবায়নে আপনাদের দোয়া ও সমর্থন চাই।”
তিনি সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন।