মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর শহরের সাহাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম মো. ফাহিম।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গাজীপুর সদর থানাধীন উত্তর ছায়াবীথি এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর শহরের সাহাপাড়া এলাকার সৌরভ গ্রুপের সঙ্গে একই থানার বরুদা এলাকার হিমেল ও সাগর গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হিমেল গ্রুপের ২ থেকে ৩ জন দেশীয় অস্ত্র দিয়ে সৌরভ গ্রুপের ফাহিম নামক এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। ঘটনায় আনুমানিক ৪/৫ জন আহত হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের সদর জোনের সহকারী কমিশনার মো. মাকসুদুর রহমান বলেন, শুক্রবার দিবাগত রাতে এলাকার আধিপত্য নিয়ে দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানতে পেরেছি। একজন আহত হওয়ার খবর পেয়েছি। তাকে উদ্ধার করে এলাকাবাসী শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোস্তাক আহমেদ বলেন, ফাহিমকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় পরে চিকিৎসার জন্য তাকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়। সেখানে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।