নজমুল হক স্টাফ রিপোর্টার,গাজীপুর
গাজীপুরে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন এর জানাজা চান্দনা চৌরাস্তা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বাদ জুমা বৃষ্টি উপেক্ষা করে সর্বস্তরের সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাযায় অংশগ্রহণ করেন। জানাযায় ইমামতি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশে এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্মসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিএনপি’র পক্ষ থেকে গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনি উক্ত জানাজায় অংশগ্রহণ করেন। তিনি জাতীয়তা বাদী দল বিএনপির পক্ষ থেকে উক্ত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।গত বৃহস্পতিবার রাত ৮ টার সময় গাজীপুর চান্দনা চৌরাস্তায় এক নারীর সাথে একজন পুরুষের ধস্তাধস্তি দেখতে পান। এরপর কয়েকজন সন্ত্রাসী তাকে দা ও চাপাতি নিয়ে কোপাতে শুরু করেন আর এ ঘটনার ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক তুহিন। সন্ত্রাসীদের কয়েকজন তাকে দেখে ফেলে তাকে ভিডিও ডিলিট করার কথা বললে ভিডিও ডিলিট না করে তিনি স্থানীয় চা দোকানি খায়রুল ইসলামের দোকানেগিয়ে বসে । কিন্তু সন্ত্রাসীরা সেখানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে বুকে, গলায়, কাঁধে ও পিঠে এলোপাতাড়ি কোপাতে থাকে। গলার একটি অংশ কেটে যাওয়ায় ঘটনাস্থলেই তিনি মারা যান। অনেক লোকের ভিড় থাকা সত্ত্বেও ভয়ে কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি।দেশীয় অস্ত্র দিয়ে উপর্যপরি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।নিহত সাংবাদিক তুহিন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তিনি স্বপরিবারে চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।