মোঃ নাসির উদ্দিন, গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরের বাসন থানাধীন যোগীতলা দক্ষিণপাড়া এলাকায় ফাঁকা গুলি ছুড়ে একটি মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টার দিকে বাইতুন নূর জামে মসজিদের সামনে পাকা রাস্তায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, মো. হাবিব চৌধুরী (২৪) অনলাইন মার্কেটপ্লেস “বিক্রয় ডটকম”-এর মাধ্যমে তার মালিকানাধীন ইয়ামাহা ব্র্যান্ডের অনটেস্টেড আর-১৫ (কালো রং) মোটরসাইকেল বিক্রির উদ্দেশ্যে ঘটনাস্থলে আসেন। এ সময় অজ্ঞাতনামা দুই ব্যক্তি ক্রেতা সেজে তার সঙ্গে যোগাযোগ করেন।
একপর্যায়ে তাদের একজন মোটরসাইকেলটি ট্রায়াল দেওয়ার কথা বলে চালিয়ে নেয়। ট্রায়াল শেষে মোটরসাইকেলের কাগজপত্র হাতে নিয়ে দু’জন দ্রুত গতিতে মোটরসাইকেলে উঠে পালানোর চেষ্টা করে। বিষয়টি আঁচ করতে পেরে মো. হাবিব চৌধুরী তাদের পেছনে দৌড় দিলে মোটরসাইকেলের পেছনে থাকা এক ব্যক্তি তাকে ভয় দেখানোর উদ্দেশ্যে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. হারুন অর রশিদ জানান, ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।