মো: নাছির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে সাংবাদিক জাকারিয়া আল মামুন-এর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম রিয়াদ (৩৫)। সে কালীগঞ্জ জামালপুর গ্রামের হারুন মিয়ার ছেলে। এ ঘটনায় আরও চার আসামি পলাতক রয়েছে।
সোমবার (১৫ই সেপ্টেম্বর) দিবাগত রাতে কালীগঞ্জের জামালপুর এলাকা থেকে রিয়াদকে গ্রেফতার করা হয়।
কালীগঞ্জ থানার এসআই আসলাম জানান, আহত সাংবাদিক জাকারিয়া আল মামুনের স্ত্রী শান্তা ইসলাম (২৭) সোমবার সকালে পাঁচজনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ রিয়াদকে গ্রেফতার করে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত রিয়াদকে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কালীগঞ্জ জামালপুর এলাকায় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক জাকারিয়া আল মামুন গুরুতর আহত হন। তিনি বর্তমানে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।