স্টাফ রিপোর্টার, গাজীপুর
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় সুমা (২৮) নামে এক গৃহবধূকে হত্যার পর স্বামী পলাতক । নিহত সুমা ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার পূর্ব নড়াইল এলাকার মিরাজুল ইসলামের মেয়ে এবং স্থানীয় ‘ইউরো’ নামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। অন্যদিকে অভিযুক্ত স্বামী জালাল উদ্দিন দুলু (৩০) রংপুর জেলার বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমা তার স্বামী জালালের সঙ্গে ভাড়াবাসায় বসবাস করতেন। ২৫ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১০টায় কারখানা থেকে ডিউটি শেষ করে বাসায় ফিরে রান্নাবান্না করেন সুমা। এরপর রাত আনুমানিক ১২টার দিকে তার স্বামী জালাল উদ্দিন দুলু বাসায় ফেরেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে জালাল উদ্দিন তার শ্বশুরকে মোবাইল ফোনে কল করে জানান যে, তিনি তার স্ত্রীকে হত্যা করেছেন এবং এসে লাশ নিয়ে যেতে বলেন।এই খবর পাওয়ার পর ভিকটিমের পিতা দ্রুত বিষয়টি আত্মীয়-স্বজন এবং বাড়ির মালিককে জানান। তারা ঘটনাস্থলে গিয়ে কক্ষটি তালাবদ্ধ অবস্থায় দেখতে পান এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোখলেসুর রহমান খান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান। পরে তালা ভেঙে কক্ষের ভেতরে প্রবেশ করে খাটের ওপর সুমার নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসন থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।