স্টাফ রিপোর্টার গাজীপুর
গাজীপুরের বোর্ডবাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাব-১-এর স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি)। উদ্ধারকৃত ২০ হাজার ৬০০ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬২ লাখ টাকা।
র্যাব সূত্রে জানা গেছে, আজ ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২:১০ মিনিটের সময় গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব জানতে পারে যে, গাজীপুরের গাছা থানাধীন বোর্ডবাজার ভূষিরমিল এলাকায় মাদক কেনাবেচা চলছে। এই সংবাদের ভিত্তিতে র্যাব-১-এর একটি চৌকস আভিযানিক দল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে খ্রীষ্টিয়ান ডিসাইপ্লশীপ সেন্টার (সিডিসি)-এর সামনে অবস্থান নেয়। দুপুর ২.৫ মিনিটের সময় অভিযান পরিচালনা করে একজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারির নাম মোঃ পিয়ারু (৩৪)। সে চট্টগ্রাম জেলার পটিয়া থানার আজিমপুর গ্রামের নুরুল আলমের ছেলে।এ সময় মাদক কারবারি নিকট থেকে ২০,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট,০১ টি টাচ স্ক্রিন মোবাইল ফোন ও নগদ ৪,৮০০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত পিয়ারু স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে পলাতক সহযোগীদের সহায়তায় দেশের বিভিন্ন জেলা থেকে ইয়াবা সংগ্রহ করে গাজীপুরসহ বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল।
তার এই কর্মকাণ্ড মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণি ১০(গ)/৪১ ধারার পরিপন্থী। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মহানগরীর (জিএমপি) গাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১-এর লেফটেন্যান্ট কমান্ডার ও কোম্পানি কমান্ডার মোঃ নাফিজ বিন জামাল অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।