মোঃ নাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাজীপুর-২ আসনের বিএনপি দলীয় প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনিকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিভিল জজ মাসুমা রহমান এ শোকজ নোটিশ দেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত ভিডিওসহ বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে অভিযোগ ওঠে—প্রতীক বরাদ্দের আগেই এম মঞ্জুরুল করিম রনি নির্বাচনী প্রচারণায় অংশ নেন। অভিযোগ অনুযায়ী, তিনি গাজীপুর সিটি করপোরেশনসহ বিভিন্ন এলাকায় মতবিনিময় সভা ও শোকসভাসহ নানা অনুষ্ঠানের আড়ালে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেন এবং প্রচার কার্যক্রম চালান।
এ বিষয়ে গাজীপুর জেলা প্রশাসক ও নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পূর্বেই রনি গাজীপুর সদর সিটি করপোরেশন, ইউনিয়ন, ওয়ার্ড ও মহল্লাসহ বিভিন্ন এলাকায় শোকসভা, মিলাদ মাহফিল ও ধর্মীয় অনুষ্ঠানের নামে কৌশলে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বক্তব্য ও প্রচারণা চালিয়ে আসছেন। এসব কর্মকাণ্ডের ফেসবুক লিংক, ভিডিও ও স্ক্রিনশট নির্বাচন অনুসন্ধান কমিটির নজরে এসেছে।
নোটিশে আরও বলা হয়, এ ধরনের প্রচারণা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর ৩, ১৬, ১৮ ও ২৭ বিধির পরিপন্থি এবং এটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল।
এমতাবস্থায়, উত্থাপিত অভিযোগের বিষয়ে কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে সুপারিশসহ প্রতিবেদন পাঠানো হবে না—সে বিষয়ে আগামী রোববার সকাল সাড়ে ১১টায় টঙ্গীস্থ সিভিল জজ অতিরিক্ত আদালতে নির্বাচন অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর-২ আসনের বিএনপি দলীয় মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি বলেন, “আমি শোকজ নোটিশের বিষয়টি শুনেছি।”