আজিজুল হক , গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদক
গোমস্তাপুরের রহনপুরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে বাড়ি পুড়ে যাওয়া অটোচালক শফিকুলের পরিবারকে সহায়তা করা হয়েছে। প্রথমে শুকনো খাবার, কম্বল ও নগদ ৫ হাজার টাকা ও আজ মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের নিজ কার্যালয়ে রহনপুর পৌরসভার পক্ষ থেকে ১৫ হাজার টাকা এই পরিবারকে দেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও রহনপুর পৌরসভার পৌর প্রশাসক জাকির মুন্সী।
এসময় উপস্থিত ছিলেন, রহনপুর পৌরসভার সহকারী হিসাব রক্ষক মৌসুমী খাতুন।
এদিকে সরকারি এই সহায়তাগুলো পেয়ে কষ্টের মাঝেও খুশি ক্ষতিগ্রস্ত শফিকুল ইসলাম। তাই তিনি ধন্যবাদ জানান এই মানবিক ইউএনও-কে।
ইউএনও জাকির মুন্সী বলেন, ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পারলে নিজেকে খুব ভালো লাগে। তাই সরকারিভাবে পরিবারটিকে যথাসাধ্য সহায়তা প্রদান করা হলো। আগামীতেও এমন অসহায় পরিবারদের জন্য আমার এই আপ্রাণ চেষ্টা অব্যাহত থাকবে।
উল্লেখ, গত ২০ ডিসেম্বর গভীর রাতে উপজেলার প্রাণকেন্দ্র রহনপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড উদয়নগর মহল্লার মৃত সাইফুল ইসলামের ছেলে শফিকুল ইসলামের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শফিকুলের বাড়ির দুটি টিনের ঘর এবং রুমে থাকা টিভি, ফ্রিজ, চালসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।