নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর
গাজীপুর মহানগরের কোনাবাড়ী জরুন এলাকার জাতীয় পার্টির নেতা ও বিশিষ্ট সমাজসেবক নাসির উদ্দিন পালোয়ান হত্যা মামলায় আরও একজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আব্দুর রহিম (১৭), তিনি কাশিমপুর থানার বারেন্ডা এলাকার জুলহাসের ছেলে। বর্তমানে তিনি জরুন এলাকায় নানা জিন্নার বাড়িতে বসবাস করতেন।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২১ জুলাই) সন্ধ্যা ৭টায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এই মামলায় এখন পর্যন্ত মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ মে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের সদস্যরা নাসির উদ্দিন পালোয়ান ও তার পরিবারের সদস্যদের ওপর সশস্ত্র হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে নাসির পালোয়ানকে এলোপাতাড়ি কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হলে ৩৫ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।
নিহতের ছেলে মোঃ শাহ আলম পালোয়ান বাদী হয়ে কোনাবাড়ী থানায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাহ উদ্দিন জানান, গ্রেফতারকৃত আব্দুর রহিমকে মঙ্গলবার (২২ জুলাই) আদালতে পাঠানো হয়েছে।