নজমুল হক,স্টাফ রিপোর্টার গাজীপুর
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) গৃহীত ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১৫ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে এক বিশেষ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানটি জাতির গণতান্ত্রিক আন্দোলনের বীর শহীদদের স্মরণে উৎসর্গ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম।এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রেজিস্ট্রার ড. মহাঃ শফিকুল আলম, বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা। উপস্থিত সকলে গভীর শ্রদ্ধা ও আবেগময় পরিবেশে গান শুনে শহীদদের স্মরণ করেন।
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বাউবি কর্তৃপক্ষ বিভিন্ন সাংস্কৃতিক ও প্রামাণ্য কর্মসূচি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। এরই ধারাবাহিকতায় আগামীকাল ১৬ জুলাই শহীদ দিবসে মঞ্চ নাটক এবং ১৭ জুলাই প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য ইতিহাস। শহীদদের স্মরণে এমন সাংস্কৃতিক আয়োজন তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।”বিশেষ সঙ্গীতানুষ্ঠানটি উপস্থিত দর্শক-শ্রোতাদের মাঝে গভীর দেশাত্মবোধ ও আবেগ জাগিয়ে তোলে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করে যে, এ ধরণের অনুষ্ঠান ভবিষ্যতেও গণতান্ত্রিক চেতনা জাগ্রত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।