মোঃ নাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি
গাজীপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি-র বিশাল জনসভার মধ্য দিয়ে ধানের শীষের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল ৩টায় টঙ্গী সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার-এর সভাপতিত্বে আয়োজিত জনসভাটি যৌথভাবে সঞ্চালনা করেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক বশির উদ্দিন এবং টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এম মঞ্জুরুল করিম রনি বলেন,
“গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করতে হবে।”
তিনি সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাহবুব আলম শুক্কুর ও রাকিব উদ্দিন সরকার পাপ্পু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি জসিম উদ্দিন ভাট, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি শরাফত হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গাজীপুর-২ আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল ভেদাভেদ ভুলে সাধারণ ভোটারদের কাছে পৌঁছানোর জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা।
সভা থেকে বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসন থেকে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে।