মোঃ নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুর-৫ (কালীগঞ্জ–পূবাইল–বাড়িয়া) আসনে পরিবর্তনের বার্তা নিয়ে ভোটারদের দৃষ্টি কেড়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত ‘শান্তির প্রতীক হাতপাখা’ মার্কার প্রার্থী, দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে ধারাবাহিক গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। তার নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নেতাকর্মীরা গাজীপুর-৫ আসনের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা জোরদার করলে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
বৃহস্পতিবার দিনভর তিনি কালীগঞ্জ পৌরসভার ঘোড়াশাল ফেরিঘাট, প্রাণ–আরএফএল গেট, ঘোনাপাড়া, বালীগাঁও, কালীগঞ্জ বাজার, ঘাট এলাকা ও উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণসংযোগ কার্যক্রম একপর্যায়ে গণমিছিলে রূপ নেয়।
গণসংযোগকালে মাওলানা গাজী আতাউর রহমান স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দীর্ঘদিনের সমস্যা ও দাবিদাওয়া মনোযোগ দিয়ে শোনেন। এলাকাবাসী রাস্তাঘাটের বেহাল দশা, কর্মসংস্থানের সংকট, স্বাস্থ্যসেবার দুরবস্থা, শিক্ষা ব্যবস্থার অব্যবস্থাপনা এবং তরুণদের ভবিষ্যৎ নিয়ে হতাশার কথা তুলে ধরেন। পাশাপাশি কার্যকর ও সৎ নেতৃত্বের অভাব নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা।
এ সময় তিনি বলেন,“জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে গাজীপুর-৫ আসনের দীর্ঘদিনের সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবো। মানুষের ন্যায্য অধিকার আদায়, দুর্নীতিমুক্ত প্রশাসন ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠাই আমার রাজনীতির মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, “পীর সাহেব চরমোনাই আমাকে আপনাদের একজন সেবক হিসেবে কাজ করতে পাঠিয়েছেন। আমিও আপনাদের সেবক হয়েই থাকতে চাই। কালীগঞ্জের অতীতের সব রাজনৈতিক কালিমা দূর করে এটিকে শান্তির কালীগঞ্জ হিসেবে গড়ে তুলতে চাই। মাদকমুক্ত, উন্নয়ন ও সুশাসনের কালীগঞ্জ গড়াই আমার স্বপ্ন—ইনশাআল্লাহ।”
যোগাযোগ ব্যবস্থার দুরবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, বর্তমানে কালীগঞ্জ থেকে ঢাকা ও গাজীপুর জেলা শহরের সঙ্গে সরাসরি গণপরিবহন ব্যবস্থা নেই। ফলে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। নির্বাচিত হলে কালীগঞ্জ–ঢাকা সরাসরি পাবলিক বাস চালু এবং গাজীপুরের সঙ্গে সহজ যানবাহন যোগাযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন,“‘হাতপাখা’ মার্কা সাধারণ মানুষের প্রতীক। এটি শান্তি, ন্যায়বিচার, উন্নয়ন ও মানবিক রাজনীতির বার্তা বহন করে। আমি ক্ষমতার রাজনীতি নয়, জনগণের রাজনীতি করতে চাই।”
গণসংযোগকালে তার সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রচারণাকালে ‘হাতপাখা’ মার্কা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন পর একজন সৎ ও যোগ্য প্রার্থী সরাসরি মাঠে নেমে মানুষের কথা শুনছেন এবং বাস্তবসম্মত সমাধানের আশ্বাস দিচ্ছেন। এতে গাজীপুর-৫ আসনের নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।