শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া পটুয়াখালী জেলা প্রতিনিধি
বরগুনা জেলার পাথরঘাটা থানায় দায়ের করা হত্যাচেষ্টা, বিস্ফোরক এবং দ্রুত বিচার আইনের একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সুমন শীলকে (৩৩) বরিশাল থেকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং র্যাব-৮, ব্যাটালিয়ন সদরের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
বরিশাল জেলার উজিরপুর থানাধীন ইচলাদি নবনির্মিত টোল প্লাজার সামনে ঢাকা থেকে বরিশালগামী সুরভী (এসি) পরিবহনের একটি বাস থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২২ সালের ৪ সেপ্টেম্বর বিকেলে বরগুনার পাথরঘাটা থানাধীন রায়হানপুর ইউনিয়নের সি অ্যান্ড বি বাজারের দক্ষিণ পাশে পাকা রাস্তার ওপর আসামিরা দেশীয় অস্ত্র ও অবৈধ হাতবোমাসহ ওঁৎ পেতে থাকে। এ সময় তারা একটি গাড়ি আড়াআড়িভাবে থামিয়ে মামলার একজন সাক্ষীকে অবরুদ্ধ করে মারধর করে। এতে সাক্ষী গুরুতর আহত হন। আসামিরা গাড়িতে ভাঙচুর এবং একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
এই ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী মোহাম্মদ সোলায়মান বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি পাথরঘাটা থানার মামলা নং-৪, তারিখ: ০৪/১০/২০২৪, ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৪২ পেনাল কোড তৎসহ ৩/৪/৫/৬ The Explosive Substances Act, 1908।
গ্রেফতারকৃত সুমন শীল পাথরঘাটা পৌরসভার ৭ নং ওয়ার্ডের মৃত সত্যরঞ্জন শীলের ছেলে। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাকে বরিশাল জেলার বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।