স্টাফ রিপোর্টার
পাবনার একটি শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ ও নবম শ্রেণিতে পড়ুয়া ৬ শিক্ষার্থী ও তাদের পরিবার টিসি আতঙ্কে দিনাতিপাত করছে। অভিযোগ উঠেছে, স্কয়ার হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের স্বেচ্ছাচারিতার কারণে কোমলমতি ওই ৬ শিক্ষার্থীর শিক্ষা জীবন এখন বিপন্ন হওয়া পথে। জানা যায়, ষষ্ঠ শ্রেণীর ৪ জন ও নবম শ্রেণীর ২ শিক্ষার্থী স্কুলের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করেছে বলে অভিযোগ তুলেন অধ্যক্ষ খতিব শাহনাজ সুলতানা। অভিভাবকরা জানান, গত ১৩ মার্চ ওই ৬ শিক্ষার্থীকে অধ্যক্ষ তার কক্ষে ডেকে নেন। তাদের প্রত্যেকের কাছ থেকে লিখিত জবানবন্দীও নেওয়া হয়। অভিযোগ তোলা হয় শিক্ষার্থীরা রিলেশন করেছে। মুচলেকা রেখে পরে তাদেরকে কক্ষ থেকে বের করে দেওয়া হয়। এক পর্যায়ে অভিভাবকদের ডেকে টিসি ধরিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাক জানান, অধ্যক্ষে স্বেচ্ছাচারিতার কারণে এমনটা হচ্ছে। অভিভাবকদেরকে অধ্যক্ষ টেলিফোন করে টিসি নিয়ে যাওয়ার জন্যও বলেছেন বলে জানান তারা। স্থানীয়রা জানান, কোনো শিক্ষার্থী যদি শৃঙ্খলা ভঙ্গ করে থাকে তাহলে প্রথমেই সেই শিক্ষার্থীর অভিভাবককে জানানো উচিৎ। পরবর্তীকে সতর্ক করা উচিৎ। কিন্তু অধ্যক্ষ একক ক্ষমতা বলে তাদেরকে টিসি দেওয়ার সিদ্ধান্ত সেচ্ছাচারিতার সামিল। এ বিষয়ে ওই অধ্যক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।