মোঃ নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে দীর্ঘদিন পর গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম নীরব হোসেন শান্ত ওরফে ফজলে রাব্বি (৩৫)।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে পূবাইল থানাধীন হায়দারাবাদ আক্কাস মার্কেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত নীরব হোসেন শান্ত হায়দারাবাদ মাউরার টেক এলাকার বাসিন্দা এবং মো. বাচ্চু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ২০১৬ সালে দক্ষিণখান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন।
তবে রায় ঘোষণার পর থেকেই সাজাপ্রাপ্ত এই আসামি আত্মগোপনে চলে যায় এবং দীর্ঘ সময় ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে পলাতক অবস্থায় ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) নাছিরের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম শুক্রবার দুপুরে হায়দারাবাদ আক্কাস মার্কেট এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আজই তাকে আদালতে সোপর্দ করা হবে।
পুলিশের এই অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে সাজাপ্রাপ্ত আসামি পলাতক থাকায় এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। অবশেষে তাকে গ্রেফতার করায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা আরও দৃঢ় হয়েছে।