–বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের গোপালপুরে হেমনগর কলেজ মাঠে এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো প্রমীলা ফুটবলের প্রীতি ম্যাচ।
শুক্রবার ৩ অক্টোবর বিকেলে হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ ভিপির উদ্যোগে আয়োজিত এই প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেন গোপালপুর নারী ফুটবল একাদশ বনাম ধনবাড়ী নারী ফুটবল একাদশ।
ম্যাচের শুরু থেকেই ছিলো টানটান উত্তেজনা ও দর্শকদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দুই দলের খেলোয়াড়রা চমৎকার দক্ষতা ও নান্দনিক ক্রীড়া কৌশল প্রদর্শন করে। গোপালপুর নারী ফুটবল একাদশ ধনবাড়ী নারী ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে শিরোপা বিজয়ী হয়।
ক্রীড়ানুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিপি গোলাম রোজ তালুকদার ভিপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় মহিলা ফুটবল দলের কোচ ও বর্তমানে বাফুফে এলিট একাডেমির ইউথ ডেভেলপমেন্ট হেড কোচ গোলাম রব্বানী ছোটন, মরহুম ফরহাদ হোসেন স্মৃতি ফুটবল টিমের কোচ গোলাম রায়হান বাপন সহ স্থানীয় ক্রীড়ানুরাগী ও রাজনৈতিক নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
স্থানীয় পর্যায়ের খেলাধুলায় নারীদের উৎসাহিত করতে এবং অংশগ্রহণ বাড়াতে গোপালপুরে নিয়মিত ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে আয়োজকরা বদ্ধপরিকর।