মোঃ ইসমাইল হোসেন শাকিল, ময়মনসিংহ।
সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্য নিয়ে ময়মনসিংহে যাত্রা শুরু করেছে খন্দকার মোহাম্মদ আলী ও জাহেদা ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থা। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে নগরীর গ্রীণ পার্ক রেষ্টুরেন্টে ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম লক্ষ্য ও উদ্দেশ্য তোলে ধরে সংবাদ সম্মেলন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক খন্দকার বাকী বিল্লাহ। এসময় ফাউন্ডেশনের পরিচালক খন্দকার জুবায়দুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি উত্তম চক্রবর্তী রকেটসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, খন্দকার মোহাম্মদ আলী পাবনার সুজানগর উপজেলার গাবগাছি গ্রামে ১৯৩৯ সালের ২৬ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে মাস্টার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। পড়াশোনা শেষ করে সুজানগর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন তিনি। পরবর্তীতে নান্দিনা হাই স্কুলে যোগদান করেন এবং ১৯৬২ সালে দি এডওয়ার্ড ইন্সটিটিউশন স্কুলে যোগদান করে ২০০২ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। ব্যক্তি জীবনে তিনি বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি এবং ঢাকা বোর্ডের আজীবন সদস্য হিসেবে কাজ করেছেন। শিক্ষা প্রসারের ক্ষেত্রে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরুপ তিনি বিভিন্ন সময়ে সরকারি ও বেসরকারিভাবে সংবর্ধনা পেয়েছেন। খন্দকার মোহাম্মদ আলী ২০০৯ সালে মৃত্যুবরণ করেন। তার স্রীর নাম জাহেদা মোহাম্মদ।