শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামে রাস্তার পাশে জমি থেকে হামিদুল মণ্ডল নামের এক ধানের ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়দের বরাতে জানা যায়, শনিবার (১১ জানুয়ারি) সকালে গ্রামের পাশে জমিতে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। নিহত হামিদুল মণ্ডল গতকাল (১০ জানুয়ারী) বিকেলে বাজারের উদ্দেশ্যে টাকা কালেকশনে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। তিনি গতকাল থেকেই নিখোঁজ ছিলেন।
নিহতের পরিচয় নিশ্চিত করে স্বজনরা জানান, নিহত ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মমতাজ মণ্ডলের ছেলে। হামিদুলের দুলাভাই ও প্রতিবেশীরা জানান, তিনি নিয়মিত বিকেলে বিভিন্ন স্থানে ধানের টাকা সংগ্রহ করতেন। ঐ দিনও সে টাকা কালেকশনের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন। পরদিন সকালে গ্রামের পাশের জমিতে তার মরদেহ পাওয়া যায়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম আলী বলেন, প্রাথমিকভাবে মরদেহের গলায় ফাঁসের চিহ্ন দেখা গেছে। তবে এটি হত্যা না আত্মহত্যা, তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।