নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি পরীক্ষা-২০২৫ এর ফলাফল আজ সোমবার (২১ জুলাই) দুপুরে প্রকাশিত হয়েছে।
বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন-এর অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ হাবিবুল্যাহ মাহামুদ আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।
চলতি বছরের এসএসসি পরীক্ষায় ১ম ও ২য় বর্ষে মোট নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ছিল ৩৪ হাজার ১৯১ জন। এর মধ্যে ৩০ হাজার ১৪৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন।
চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ১৪ হাজার ৩৪৮ জন, যার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৮ হাজার ৭১০ জন শিক্ষার্থী। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৫ হাজার ৩৫৬ জন এবং ছাত্রী ৩ হাজার ৩৫৪ জন।
এই অনুযায়ী, এবারের এসএসসি পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে শতকরা ৬০ দশমিক ৭১ শতাংশ।ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে: https://result.bou.ac.bd