শেখ মোঃ হুমায়ুন কবির নিজস্ব প্রতিবেদক
দৈনিক ভোরের চেতনা পত্রিকার সাহসী সাংবাদিক এস. এম. হায়াত উদ্দিনকে বাগেরহাটে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার, ৬’ই অক্টোবর ২০২৫, রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (বি,সি,পি,সি) কেন্দ্রীয় কমিটি’র উদ্যোগে এক বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন থেকে সাংবাদিক নেতারা অবিলম্বে সাংবাদিক হায়াত উদ্দিন হত্যার সঙ্গে জড়িত সকল খুনিকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে নিহত সাংবাদিকের পরিবারের নিরাপত্তা ও আর্থিক সহায়তার ব্যবস্থা করার আহ্বান জানানো হয়। বক্তারা দেশে সাংবাদিক নির্যাতনবিরোধী আইন কার্যকরভাবে প্রয়োগ এবং সাংবাদিকদের নিরাপদে কাজ করার পরিবেশ সৃষ্টির জন্য প্রশাসনকে কঠোর হওয়ার অনুরোধ জানান।
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (বি,সি,পি,সি) কেন্দ্রীয় কমিটি’র যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন:খান সেলিম রহমান, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (বি,সি,পি,সি) এর প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র সম্পাদক।আহমেদ আবু জাফর, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (BMSF) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান।
খান সেলিম রহমান বলেন, “যারা কলম ধরেন, তাদের রক্ত ঝরাতে চায় অন্ধকারের শক্তি। কিন্তু আমরা ভয় পাই না। সাংবাদিকদের কলম কখনো থেমে থাকে না। হায়াত উদ্দিন হত্যার সঙ্গে জড়িত খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের ওপর আক্রমণ বন্ধে প্রশাসনকে কঠোর অবস্থান নিতে হবে।” তিনি হায়াত উদ্দিনকে একজন সাহসী ও নির্ভীক সাংবাদিক হিসেবে উল্লেখ করেন, যিনি দুর্নীতি, মাদক, নারী নির্যাতনসহ নানা অসঙ্গতির বিরুদ্ধে নিরলসভাবে কাজ করেছেন।
আহমেদ আবু জাফর সাংবাদিক হত্যার বিচার না হওয়ার ‘সংস্কৃতি’ বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, “অন্যথায় সাংবাদিক সমাজ একযোগে আন্দোলনে নামবে।” তিনি বলেন, “হায়াত উদ্দিনের অপরাধ ছিলো তিনি সামাজিক অন্যায়, দুর্নীতি, মাদক, নারী নির্যাতনসহ নানা অসঙ্গতির বিরুদ্ধে নিরলসভাবে কাজ করেছেন।”
এছাড়াও মানববন্ধনে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ও বৃহত্তর মিরপুর অঞ্চলের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্যান্য সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে “সাংবাদিক হত্যার বিচার চাই,” “হায়াত উদ্দিনের রক্ত বৃথা যেতে দেব না,” এবং “সাংবাদিক নির্যাতন বন্ধ করো” ইত্যাদি স্লোগানে পুরো মিরপুর এলাকা মুখরিত হয়। সাংবাদিকরা স্পষ্ট জানিয়ে দেন, এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত তাঁরা নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ চালিয়ে যাবেন। মানববন্ধন শেষে নিহত সাংবাদিক হায়াত উদ্দিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
খান সেলিম রহমান সবশেষে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা নির্ভয়ে কাজ করুন। সত্যের পথে থাকুন। আমরা প্রতিটি সাংবাদিকের পাশে আছি।” তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, নিহত সাংবাদিক হায়াত উদ্দিনের আত্মত্যাগ বৃথা যাবে না।