মোঃ নাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ৮ জন আসামিকে গ্রেফতার করেছে। সোমবার (১১ জানুয়ারি ২০২৬ ইং) পরিচালিত এই অভিযানে রাজনৈতিক মামলা, ডাকাতির প্রস্তুতি ও প্রসিকিউশনভুক্ত মামলার আসামিদের গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রাজনৈতিক মামলার আসামি (আওয়ামী লীগ) ‘ডেভিল হান্ট ফেইজ-২’ অভিযানে মোঃ মাকছেদুল ইসলাম (২৮) কে গ্রেফতার করা হয়। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে গাজীপুরের বাসন থানাধীন নাওজুরি এলাকায় বসবাস করছিলেন।
এছাড়া ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয় মোঃ আরিফুল ইসলাম রবিন (২৩) কে। তিনি বর্তমানে বাসন থানার বাড়ীয়ালী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
অপরদিকে প্রসিকিউশনভুক্ত মামলার আসামি হিসেবে আরও ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন— শাহ আলম (৪০), আখি আক্তার (২৭), মোঃ ইউসুফ (১৯), মোঃ মামুন (১৮), মাইদুল ইসলাম (১৮) ও লোকমান (২৩)। গ্রেফতারকৃতদের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বাসন থানা পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।