মাহমুদুল হাসান চন্দন ভেরামারা প্রতিনিধি
ভেড়ামারায় একমাত্র শিশু পার্ক আজ অবহেলায় পরিণত হয়েছে বন-জঙ্গলে। দূর থেকে দৃষ্টিনন্দন পার্কটি দেখে অনেকেই শিশুদের নিয়ে আসেন ঘোরাতে। কিন্তু তালা দেখে মন খারাপ করে ফিরে যান। কুষ্টিয়া ভেড়ামারা পৌর এলাকার মধ্যে ভেড়ামারা শিশু শিক্ষা পার্কটির নির্মাণ কাজ দুই বছর আগে শেষ হলেও এখনও উদ্বোধন হয়নি। ঝড় বৃষ্টি রোদে জঙ্গলে নষ্ট হচ্ছে ১০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত পার্কটি। পার্কটি খুলে দিলে শিশুদের মানসিক বিকাশে ভূমিকা রাখবে।
শিশুদের বুদ্ধিবৃত্তিক মানসিক বিকাশ ও চিত্তবিনোদনের জন্য গত ২০২৪ সালে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু পরিকল্পনায় ভেড়ামারা শিশু শিক্ষা পার্কটির নির্মাণ কাজ শেষ করা হয়। তারপর থেকেই নবনির্মিত পার্কটি অযত্নে অবহেলায় এভাবে তালাবদ্ধ ভাবে পড়ে আছে। নির্মাণ কাজ শেষ হওয়ার পরেও উদ্বোধন হয়নি ভেড়ামারা শিশু শিক্ষা পার্ক।
স্থানীয়ারা জানান, অনেকে বাইরে থেকে দেখে কি কারণে পার্কটি বানানো হয়েছে বলে চলে যান।তারা জানান, এটি চালু হলে শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষদের একটা বসার জায়গা ঘোরার জায়গা হত। এলাকার মজনু মিয়া বলেন, এটি চালু হলেই এই এলাকায় মানুষের যাতায়াত বেড়ে যাবে।ভেড়ামারা পৌরসভার মধ্যে এই ধরনের পার্ক এই প্রথম নির্মাণ করা হয়েছে।
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও ভেড়ামারা পৌরসভার প্রশাসক রফিকুল ইসলাম জানান, ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের জমি ও পার্কটি তাদের। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার সাহেবকে স্কুল চলাকালীন সময়ের মধ্যে খোলা রাখার ব্যবস্থা করার জন্য বলা হয়েছে। পার্কের ভিতরে পরিষ্কার রাখার জন্য লোকজন প্রয়োজন হলে আমি পৌরসভাকে নির্দেশনা দিয়েছি লোকজন দিবে।