বায়জিদ হোসেন, মোংলা
বাগেরহাট-০৩ আসনের (মোংলা-রামপাল) বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে মোংলা নদীর উপর ঝুলন্ত সেতু নির্মাণ করা হবে, এটা আমি প্রতিশ্রুতি দিচ্ছি। এছাড়া এ জনপদের রাস্তাঘাটের উন্নয়ন করা হবে, যাতে এ এলাকার শ্রমিকসহ সাধারণ মানুষ সহজে যাতায়াত করতে পারে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে সুন্দরবন কেন্দ্রীক ইকোট্যুরিজম গড়ে তোলা হবে। আরো আধুনিকায়ন করা হবে মোংলা বন্দরকে। তিনি আরো বলেন, সংসদ নির্বাচনের ভোট দেয়া নিয়ে যেন কেউকে বাড়ীঘর ছাড়তে না হয় সেদিকে আমার কঠোর নজরদারী থাকবে। আমি ভোট পরবর্তী সকলের সহাবস্থান নিশ্চিত করবো। আপনারা কেউ ভোট বিক্রি করবেন না, আশপাশের কেউকে ভোট বিক্রিও করতে দিবেন না।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে মোংলার চাঁদপাই পীর মেছেরশাহ’র মাজার সংলগ্ন মাঠে চাঁদপাই ইউনিয়ন বিএনপি আয়োজিত ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ৩৪ বছর ধরে এ এলাকার মানুষ দুঃশাসনের শিকার ও ন্যায়ের শাসন থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে সুশাসন প্রতিষ্ঠা করা হবে। কেউ কোন প্রকার অন্যায় করলে তার কোন পরিচয়ই দেখা হবেনা, তাকে কঠোরভাবে প্রতিহত করা হবে।

চাঁদপাই ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সভাপতি মোঃ জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা, সাংগঠনিক সম্পাদক শেখ শাকির হোসেন, মৃধা ফুরুকুল ইসলাস, মুক্তিযোদ্ধা আবু হানিফ, বিএনপি নেতা শেখ রুস্তম আলী , এমরান হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক এম সাইফুল ইসলাম, বাবুল হোসেন রনি ও হিন্দু কমিউনিটির কেন্দ্রীয় নেতা সুব্রত মজুমদার সহ অন্যান্যরা। এ ছাড়াও উপজেলা ও পৌর’র বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন প্রর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।