মোঃ নাসির উদ্দিন গাজীপুর গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় নতুন বছরের প্রথম দিন উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মাদার হোম টেক্সটাইল কর্তৃপক্ষ। প্রতি বছরের ন্যায় সামাজিক ও ধর্মীয় দায়বদ্ধতার অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে নগরীর ৪০ নম্বর ওয়ার্ডের মাজুখান এলাকায় অবস্থিত মাদার হোম টেক্সটাইলের নিজস্ব কারখানা প্রাঙ্গণে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদার হোম টেক্সটাইলের চেয়ারম্যান রাশেদুল ইসলাম রাকিব। তিনি তাঁর বক্তব্যে বলেন, “নতুন বছর আমাদের জন্য শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক—এই প্রত্যাশা থেকেই প্রতিবছর আমরা মিলাদ ও দোয়ার আয়োজন করে থাকি। মাদার হোম টেক্সটাইল সবসময় শ্রমিকবান্ধব ও সমাজকল্যাণমূলক কার্যক্রমে সম্পৃক্ত থাকতে চায়।”
এ সময় উপস্থিত ছিলেন পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি মো. রবিউল আলম, পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল হোসেন বাবু, পূবাইল থানা ছাত্রদল নেতা শিমুল, বিএনপি নেতা ইউছুফ ভান্ডারী, সাংবাদিক জাহিদ হাসান প্রভাস, হুমায়ূন, রিপনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও মাদার হোম টেক্সটাইলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাজুখান বাজার কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি আজিজুল হক ত্রিশালী। দোয়ায় দেশ ও জাতির শান্তি, ব্যবসা-বাণিজ্যের উন্নতি, প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা এ ধরনের ধর্মীয় ও সামাজিক উদ্যোগের প্রশংসা করেন এবং মাদার হোম টেক্সটাইলের উত্তরোত্তর অগ্রগতি কামনা করেন।