বায়জিদ হোসেন, মোংলা
মোংলার মিঠাখালী বাজার সহ উপজেলার বিভিন্ন জনবহুল পূর্ণ স্থানে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’ বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টির অংশ হিসেবে (১২ অক্টোবর) রবিবার বিকেল ৪ টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সব কর্মসূচির নেতৃত্ব দেন মোংলা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার।
এসময় উপজেলা বিএনপি নেতা শেখ রুস্তম আলী, ঝংকার ফকির, মিঠাখালী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলম ফকির, সিনিয়র সহ সাধারণ সম্পাদক মোঃ লাভলু গোলদার, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আল আমিন মোড়ল, বিএনপি নেতা ফারুক গোলদার, মোঃ খানজাহান শেখ, মোহাসিন ফকির, মোস্তাফিজুর রহমান টুলু, মোঃ জসিম শেখ সহ বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
এ সময় নেতারা বলেন, তারেক রহমানের ৩১ দফা হলো সংবিধান সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠা করা। এই ৩১ দফা রাষ্ট্র মেরামতের পরিকল্পনায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে। আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ার পরিকল্পনা এবং কৃষি, শিক্ষা, স্বাস্থ্য খাতে বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতির স্থিতিশীলতা আনবে। এছাড়া বেকার ভাতা চালু এবং যুব উন্নয়নের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণের ফলে তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তারেক রহমানের ৩১ দফা দেশের উন্নয়নে মাইলফলক হিসেবে কাজ করবে। সেই লক্ষ্যে আজকের এই কর্মসূচি পালন।
এ কর্মসুচিতে স্থানীয় ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ মানুষ বিপুল উৎসাহে অংশ নেন। এসময় সাধারণ মানুষের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট তুলে দেয়া হয়।