শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক
রাজধানীর তেজগাঁও এলাকায় বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
(৭’ই জানুয়ারি ২০২৬) বুধবার রাত আনুমানিক সোয়া ৮:টার দিকে তেজগাঁওয়ের তেজতুরী বাজারে স্টার কাবাবের পেছনের একটি গলিতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত আজিজুর রহমান, যিনি মোসাব্বির নামে পরিচিত। তিনি ঢাকা মহানগর উত্তর শাখার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা আরও একজন গুলিবিদ্ধ হন। আহত আবু সুফিয়ানকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক।
পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্টার কাবাবের পাশের একটি গলিতে দুর্বৃত্তরা দুজনকে লক্ষ্য করে গুলি চালায়। এতে আজিজুর রহমানের পেটে গুলি লাগে। পরে তাঁকে দ্রুত উদ্ধার করে পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল মজিদ মিলন গণমাধ্যমকে জানান, ঘটনার সময় আজিজুর রহমান ও আবু সুফিয়ান কারওয়ান বাজার এলাকার স্টার গলিতে চা পান করছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতভাবে এলোপাতাড়ি গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
তেজগাঁও থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে গুলির ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিআরবি হাসপাতালের সামনে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা জড়ো হন। এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।