মোঃ নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪২ নম্বর ওয়ার্ডের হারবাইদ এলাকার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বকুল মিয়ার দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১০টায় হারবাইদ মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মরহুমের মরদেহে গার্ড অব অনার প্রদান করা হয়। গাজীপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর নাহিন নিশাদ রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকায় আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পূবাইল থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে করুন সুর বাজানো হয়। পরে এক মিনিট নীরবতা পালন করা হয়।গার্ড অব অনার শেষে একই স্থানে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মিয়া বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পূবাইল থানার এসআই রুহুল আমীন, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা জামির পাঠানসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বকুল নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।